কখনো দায় স্বীকার করে নেন অকপটে, কখনো আবার হাসিমুখে দেন ব্যর্থতার ব্যাখ্যা। মধ্যাহ্নভোজের আগেই ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ কীভাবে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাদমান ইসলাম পাশে দাঁড়ালেন সতীর্থদের। কিন্তু সব ছাপিয়ে আজ সংবাদ সম্মেলনে মুখ্য হয়ে উঠল তাঁর সেঞ্চুরিটাই।ওপেনিং নিয়ে কয়েক বছর ধরেই রীতিমতো দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশ দল। সাদমানের তিন অঙ্কে পৌঁছানোটা তাই পুরো দলের জন্যই স্বস্তির।
ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পাওয়ার পর স্বস্তি পাওয়ার কথা তাঁর নিজেরও।তবে আজ দিন শেষে সাদমান দিয়েছেন আরও বড় কিছুর প্রতিশ্রুতি, ‘আমরা টপ অর্ডাররা যদি এই স্কোরটা আরেকটু বড়—১৫০, ১৭০ বা ২০০ করতে পারতাম, তাহলে হয়তো দলের রান সাড়ে চার শ বা পাঁচ শ থাকত…আমাদের ভুল হয়ে গেছে। এরপর যখন এমন পরিস্থিতি আসবে, চেষ্টা থাকবে যত বড় করা যায়।’দেড় শ বা দুই শ তো একটু দূরের পথই, সাদমানের জন্য সেঞ্চুরির অপেক্ষাটাই একটু দীর্ঘ হয়ে গিয়েছিল।
এবারের সেঞ্চুরিটাই যেমন এসেছে ১৭ ইনিংস পর।
সূত্র: প্রথম আলো