চলতি বছরের প্রথম ৯ মাসে ২ হাজার ১২১ কোটি টাকা মুনাফা করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংক। গত বছরের শেষে ব্যাংকটি ২ হাজার ২৫০ কোটি টাকার রেকর্ড মুনাফা করেছিল। সেখানে এ বছর ৯ মাসেই গত বছরের কাছাকাছি মুনাফা করে ফেলেছে ব্যাংকটি। এর আগে ৯ মাসে ব্যাংকটি কখনো এত মুনাফা করেনি।
গত বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তিন প্রান্তিকের (জানুয়ারি–সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে ব্র্যাক ব্যাংক। তাতে মুনাফার এই তথ্য উঠে এসেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে গতকাল বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।
যদিও ৯ মাসে রেকর্ড মুনাফার পরও এদিন ব্যাংকটির শেয়ারের দাম কমেছে।আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৫৮৫ কোটি টাকা বা ৩৮ শতাংশ বেড়েছে।
সূত্র: প্রথম আলো