রাজধানীসহ দেশের সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচলের জন্য নতুন বিধিমালা করেছে সরকার। এতে কোন সড়কে এই রিকশা চলতে পারবে, কোথায় চলতে পারবে না, সর্বোচ্চ গতি কত হবে, কতজন যাত্রী নেওয়া যাবে এবং চালক ও রিকশার নিবন্ধনের শর্ত কী হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গতকাল বৃহস্পতিবার ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ১২ পৃষ্ঠার এই বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ই-রিকশার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিধিমালাটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।নতুন বিধিমালা অনুযায়ী, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক ও কর্তৃপক্ষের নির্ধারিত নিষিদ্ধ সড়কে এই রিকশা চলতে পারবে না।
সূত্র: প্রথম আলো