বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি নিয়ে আমরা অনেক দিন ধরেই বড় স্বপ্নের কথা বলছি। দক্ষ জনবল, তুলনামূলক কম খরচ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ এবং সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা—সবই সেই আলোচনায় আছে।
কিন্তু বিশ্ববাজারে সফটওয়্যারের মূল প্রতিযোগিতা এখন আর শুধু কে কত দ্রুত বা কত কম খরচে কোড লিখতে পারে, সেটি নিয়ে নয়; মূল প্রশ্ন হচ্ছে—কার সফটওয়্যার বেশি নির্ভরযোগ্য, নিরাপদ, স্কেলযোগ্য ও বিশ্বাসযোগ্য; অর্থাৎ সফটওয়্যার রপ্তানির মূল লড়াই হচ্ছে কোয়ালিটি নিয়ে।
একজন আন্তর্জাতিক ক্রেতা শুধু কোড কেনেন না; তিনি আসলে আস্থা কেনেন—সফটওয়্যারটি ঠিকমতো কাজ করবে কি না, ব্যবহারকারী বাড়লে টিকে থাকবে কি না, নিরাপত্তাঝুঁকি তৈরি করবে কি না, নতুন সংস্করণে পুরোনো ফিচার ভেঙে যাবে কি না এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে মান বজায় রাখতে পারবে কি না।
সূত্র: প্রথম আলো