ফুটবল মাঠে আঘাত পেয়ে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শোকাতুর স্প্যানিশ ফুটবল।ঘটনার সূত্রপাত গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা–তেনেরিফ ম্যাচে। দুই দল ২–২ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের। দুরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন মিগুয়েল।
পোস্ট থেকে মাঝমাঠে ছুটে গিয়ে ওউনো বলের দখল নেওয়ার চেষ্টার সময় তাঁর হাঁটুর আঘাত লাগে মিগুয়েলের মাথায় ও বুকে। লাল কার্ড দেখেন ওউনো।মাঠেই পড়ে গিয়ে নিথর হয়ে যান মিগুয়েল। পাঁচ মিনিটের বেশি সময় প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে নেওয়া হয় তেনেরিফের স্থানীয় নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে। মিগুয়েল আঘাত পাওয়ার পর ম্যাচটি স্থগিত করা হয়।
‘মার্কা’সহ স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল, অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই মিগুয়েলের কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পরবর্তীতে প্যারামেডিকসদের তৎপরতায় তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়।
সূত্র: প্রথম আলো