আজ দুপুরে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণ ঢেকে গিয়েছিল শোকের চাদরে। যে ক্লাবকে নিজের হাতে গড়ে তুলেছিলেন, আজ বাদ জোহর সেখানেই অনুষ্ঠিত হলো হারুনুর রশীদের শেষবিদায়ের জানাজা। অশ্রুসজল চোখে শত শত ক্রীড়াবিদ-সংগঠক-সাধারণ মানুষ বিদায় জানালেন তাঁদের প্রিয় অভিভাবককে।
জানাজার আগে আবাহনীর চিরচেনা পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এই কিংবদন্তি সংগঠকের কফিন।সেখানে সাবেক ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় ও সংগঠকেরা স্মৃতিকাতর হয়ে পড়েন। ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জানাজা শেষে এই সংগঠকের মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়, সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।নিভে গেল এ দেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শকের জীবন।
সূত্র: প্রথম আলো