প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়ার জন্য ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে পুনঃ অর্থায়ন সুবিধা নিয়ে ব্যাংকগুলো একজন গ্রাহককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দিতে পারবে।এ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে।
তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ নিয়ে গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে আগে চালু করা ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি নতুন করে সাজিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে।
অর্থাৎ ঋণের অর্থ আদায় হওয়ার পর তা আবার নতুন করে ঋণ দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো