কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভিডিও তৈরি ও সম্পাদনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন মডেল উন্মোচন করেছে গুগল। ‘জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ’ নামের এ মডেলের সাহায্যে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। পাশাপাশি আগে থেকে তৈরি ভিডিওতে লিখে নির্দেশনা দিয়েই প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা সম্ভব হবে। ফলে ভিডিওর কোনো দৃশ্য বা উপাদানে সামান্য পরিবর্তন আনতে পুরো ভিডিও নতুন করে তৈরির প্রয়োজন হবে না।
গুগলের দাবি, আগের সংস্করণের তুলনায় নতুন মডেলে ভিডিও তৈরির খরচ ৩০ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া ভিডিওর শব্দের মান উন্নত করার পাশাপাশি বিভিন্ন দৃশ্যে মানুষের চেহারা, পোশাক ও পণ্যের বিবরণে সামঞ্জস্য বজায় রাখার সক্ষমতা বাড়ানো হয়েছে। এসব সুবিধা বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত কনটেন্ট নির্মাতাদের ভিডিও তৈরির কাজ সহজ করবে।গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে জেমিনাই ওমনি ১.২ ফ্ল্যাশ উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল।
মডেলটি এখন ডেভেলপাররা জেমিনাই এপিআই ও গুগল এআই স্টুডিওর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
সূত্র: প্রথম আলো