কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যাকাণ্ডের একমাত্র আসামি মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।
এ সময় আসামি কবিরাজ মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) আবদুল মোতালেব মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (২০০৩ সালে সংশোধিত)–এর ৯(২) ধারায় ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
এ ছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় তাহমিনা বেগমকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাবিলপুর গ্রামে।
সূত্র: প্রথম আলো