প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল (৫৫) নামে এক চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়। তিনি কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামের বাসিন্দা। নিহত মাহমুদুর রহমান কামাল আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে দীর্ঘদিন ধরে মাহমুদুর রহমান কামাল মেম্বারের সঙ্গে তার বড় ভাই, ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয়ের মধ্যে বিবাদ হলেও কোনো সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন সিদ্দিক টেঁটা দিয়ে তার চাচা মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে আঘাত করে। এ সময় কামালের ছেলে কাকনের হাতেও টেঁটার আঘাত লাগে। এতে বাবা-ছেলে দুজনই মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার পর মাহমুদুর রহমান কামালের মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা সাদ্দাম হোসেন সিদ্দিকের টেঁটার আঘাতে মাহমুদুর রহমান কামাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন